
দিনাজপুর জেলা কারাগারে আটক থাকা সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন মারা গেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রমেশ চন্দ্র সেনকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানার পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠায়। পরদিন ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। তিনি মোট তিনটি মামলায় কারাবন্দি ছিলেন।
রমেশ চন্দ্র সেন পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দলটির সাবেক প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
মন্তব্য করুন