
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের কৃষকরা ভালো থাকলে বাংলাদেশও ভালো থাকবে। কৃষকের কল্যাণ নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন।
সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুর মৌজার সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজ উদ্বোধনের পর স্থানীয় বিএনপি আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, দেশের পানি ব্যবস্থাপনা উন্নত করতে আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে। খাল পুনঃখননের পর এর দুই পাশে বৃক্ষরোপণও করা হবে, যাতে পরিবেশ সংরক্ষণ এবং ভূমিক্ষয় রোধ করা যায়।
তিনি বলেন, বর্ষাকালে যে বিপুল পরিমাণ পানি আসে তা সঠিকভাবে সংরক্ষণ করা গেলে কৃষিকাজে বড় সহায়তা মিলবে। তাই খাল পুনঃখননের মাধ্যমে বর্ষার পানি ধরে রেখে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, “আমরা চাই দেশের কৃষকরা স্বাবলম্বী হোক। ইতোমধ্যে ৩৭ হাজার মায়ের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হয়েছে। একইভাবে কৃষকদের জন্যও ‘কৃষক কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে।”
বক্তব্যে তিনি বলেন, কৃষিভিত্তিক অর্থনীতি শক্তিশালী করতে কৃষিনির্ভর শিল্প সম্প্রসারণের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে । এ লক্ষ্যে কৃষিভিত্তিক শিল্পকারখানার মালিকদের সঙ্গে আলোচনা করে নতুন শিল্প গড়ে তোলার সম্ভাবনা খতিয়ে দেখা হবে।
এই কর্মসূচির মাধ্যমে দেশের ৫৩টির বেশি জেলায় একযোগে খাল খনন ও পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে, যা কৃষি সেচ ও পানি ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, খালটি পুনঃখনন করা হলে এলাকার দীর্ঘদিনের পানি সংকট ও সেচ সমস্যার অনেকটাই সমাধান হবে।
মন্তব্য করুন