রুটি, লুচি, পরোটা, পাউরুটি থেকে শুরু করে রোল, চাউমিন, পিৎজা, বার্গারের মতো একাধিক খাবার তৈরির মূল উপকরণ ময়দা। তবে ময়দার প্রতি এমন ভালোবাসা বাড়াতে পারে স্বাস্থ্যের নানা সমস্যা। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।
তবে প্রশ্ন হলো, সত্যিই কি ময়দার তৈরি খাবার খেলে পেটের ক্ষতি হতে পারে? পিছু নিতে পারে গ্যাস, অম্বলের মতো সমস্যা? বিগড়ে যেতে পারে হজম প্রক্রিয়া? আর এমন সব প্রশ্নের উত্তর জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
চলুন, জেনে নেওয়া যাক—
ময়দা কি পেটের জন্য ক্ষতিকর
বিশেষজ্ঞদের মতে, গমের ফাইবার অংশ বাদ দিয়ে তৈরি হয় ময়দা। অর্থাৎ ময়দা হলো রিফাইন কার্বোহাইড্রেট। যে কারণে এই খাবার খেলে অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যেতে পারে। যার ফলে ধীর হয়ে যেতে পারে হজমশক্তি।
এমনকি গ্যাস, এসিডিটির মতো সমস্যা নিত্যদিন বিরক্ত করতে পারে। তাই বলা যায় ময়দা পেটের জন্য খুবই ক্ষতিকর।
আরো পড়ুন
কোষ্ঠকাঠিন্যের কারণ
সপ্তাহে ৪ বারের কম মলত্যাগ হলে তাকে বলা হয় কোষ্ঠকাঠিন্য। আর ময়দা খেলে এই সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই বাড়ে।
ময়দায় ফাইবার প্রায় নেই বললেই চলে। যে কারণে ময়দার তৈরি খাবার খেলে অন্ত্রে মলের গতিবিধি ধীর হয়ে যেতে পারে। যার ফলে পেট পরিষ্কার হতে চায় না।
তাই কনস্টিপেশন থেকে বাঁচতে চাইলে ময়দার তৈরি খাবারের থেকে দূরে থাকতে হবে। আর যাদের ইতিমধ্যেই এই সমস্যা রয়েছে, তারা তো ময়দা ছুঁয়েও দেখবেন না।
অন্যথায় খুব ভুগতে হবে মত পুষ্টিবিদদের।
সুগারেও বিপদ
আমাদের দেশের জাতীয় সমস্যা হয়ে উঠছে ডায়াবেটিস। দিন দিন এই রোগ যেন মাথাচাড়া দিয়ে উঠছে। তাই ডায়াবেটিস নিয়ে সতর্ক থাকতে হবে। বিশেষত, ডায়েটে আনতে হবে পরিবর্তন।
আর এই কাজে সাফল্য পেতে চাইলে ময়দার তৈরি খাবার খাওয়া চলবে না। কারণ, ময়দার গ্লাইসেমিক ইনডেক্স খুব বেশি। এটা খেলে সুগার তাড়াতাড়ি বেড়ে যেতে পারে। তাই ডায়াবেটিক রোগীরা অবশ্যই ময়দা এড়িয়ে চলুন।
কোলেস্টেরল বাড়তে পারে
হাই কোলেস্টেরল হলো হার্টের অসুখের কারণ। তাই বিশেষজ্ঞরা কোলেস্টেরলকে বশে রাখার পরামর্শ দেন। তবে আপনি যদি নিয়মিত ময়দার তৈরি খাবার খান, তাহলে কোলেস্টেরল বাড়বে বই কমবে না। মূলত ময়দায় কোনো ফাইবার নেই। উল্টো ময়দা দিয়ে তৈরি বেশিরভাগ খাবারই তেলে ভাজা হয়। আর এই দুই কারণেই কোলেস্টেরল বাড়ে বলে জানাচ্ছেন পুষ্টিবিদরা।
মাঝে মাঝে খান
আমাদের নিত্যদিনের খাবারগুলোর মধ্যে অধিকাংশ খাবারেরই প্রধান উপকরণ আটা বা ময়দা। তাই শত চেষ্টা করলেও এটি থেকে দূরে থাকা খুব একটা সম্ভব না। তারপরও চেষ্টা করতে হবে এসব খাবারের সঙ্গে সবজি খাওয়ার। তাহলে সুগার লেভেল চট করে বাড়তে পারবে না।
ময়দার তৈরি খাবারের সঙ্গে সবজি রাখলে এতে উপস্থিত ফাইবার পেটের হালও ঠিকঠাক রাখবে। তাই এই নিয়মটা মেনেই ময়দার তৈরি খাবার খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
মন্তব্য করুন