
ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদনপত্র জমা দিয়েছেন। একই সঙ্গে তিনি তাঁর মূল কর্মস্থল উন্নয়ন অধ্যয়ন বিভাগে গ্রেড-১ অধ্যাপক হিসেবে ফিরে যাওয়ার অনুরোধ জানান।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন-এর সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ আবেদনপত্র হস্তান্তর করেন। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এক বিবৃতিতে নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ চ্যালেঞ্জ, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং প্রশাসনিক ধারাবাহিকতা নিয়ে উপাচার্যের মতামত জানতে চান। পাশাপাশি আগামী দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমে তাঁর সহযোগিতা কামনা করেন।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, চলমান ও প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনা, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। দেশের উচ্চশিক্ষা খাতের অগ্রগতিতে তিনি ভবিষ্যতেও ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় শিক্ষামন্ত্রী দেশের ক্রান্তিকালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অবদান রাখার জন্য উপাচার্যকে ধন্যবাদ জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে, গত ১০ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে অধ্যাপক নিয়াজ আহমদ খান উপাচার্যের পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা প্রকাশ করেন। সে সময় তিনি বলেন, সরকার প্রয়োজন অনুযায়ী প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাসের সুযোগ পাক—এই লক্ষ্যেই তিনি সরে দাঁড়াতে প্রস্তুত। তবে প্রশাসনিক ও একাডেমিক ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উপাচার্য আরও উল্লেখ করেন, ২০২৪ সালের আগস্টের শেষ দিকে একটি বিশেষ ও সংকটাপন্ন পরিস্থিতিতে তিনি দায়িত্ব গ্রহণ করেন। তখন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থবির ছিল, আবাসিক হলগুলো অনিশ্চয়তার মধ্যে ছিল এবং প্রশাসনিক কাঠামো কার্যত অচল অবস্থায় ছিল। সেই প্রেক্ষাপটে অগ্রাধিকার ছিল শিক্ষাকার্যক্রম পুনরায় চালু করা এবং প্রতিষ্ঠানকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনা।
মন্তব্য করুন