চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন মির্জা তানজিম শরীফ মুগ্ধ এবার সম্পূর্ণ নতুন পরিচয়ে হাজির হয়েছেন। ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত ফলাফলে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি। দেশসেরা ৫০ জনের মেধা তালিকায় স্থান করে নিয়েছেন এই প্রতিভাবান তরুণ।
গতকাল মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই সুখবরটি নিশ্চিত করেন মুগ্ধ। ২০১৯ সাল থেকে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মরত মুগ্ধ জানান, শত দায়িত্ব ও সংশয়ের মাঝেও মহান আল্লাহর রহমতে এই সাফল্য এসেছে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার অভিজ্ঞতা ও আত্মতৃপ্তির মূল্য তাঁর কাছে এখনো অপরিসীম।
২০১০ সালে সেরাকণ্ঠ চ্যাম্পিয়ন হওয়া মুগ্ধ শুধু সংগীতেই নয়, পড়াশোনা ও অন্যান্য ক্ষেত্রেও অনন্য মেধার স্বাক্ষর রেখেছেন। বুয়েটে ভর্তির আগেই উপস্থিত বক্তৃতা, রচনা, চিত্রাঙ্কন এবং বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াডসহ বিভিন্ন প্রতিযোগিতায় ২৯টি জাতীয় পুরস্কার পান তিনি। এছাড়া ২০০৮ সালে আন্তঃস্কুল টেবিল টেনিস ও বাস্কেটবলেও চ্যাম্পিয়ন হন তিনি।
ময়মনসিংহের চরপাড়ার সন্তান মুগ্ধর বাবা ইসকান্দর মির্জা কলেজ শিক্ষক এবং মা তাহমিনা বেগম স্বাস্থ্য পরিদর্শক। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয় (তাঁর একটি যমজ ভাই রয়েছে)।
গান, গণিত ও শিক্ষকতার পর এবার সততা ও নিষ্ঠার সাথে সিভিল সার্ভিসে দেশসেবার এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন মির্জা তানজিম শরীফ মুগ্ধ।
মন্তব্য করুন