
সম্ভাব্য নতুন তারিখ ৯ জানুয়ারি ২০২৬
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিতব্য পরীক্ষাটি আয়োজন করা সম্ভব হচ্ছে না।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, পরিবর্তিত পরিস্থিতিতে পরীক্ষাটি আগামী ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) নেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত তারিখ দ্রুতই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। যেহেতু ২ জানুয়ারি শোকের শেষ দিন, তাই ওই দিনের নির্ধারিত নিয়োগ পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি। কর্তৃপক্ষ জানায়, পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করতেই নতুন তারিখ বিবেচনায় আনা হয়েছে।
চলতি নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীর সংখ্যা নজিরবিহীন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দুই ধাপে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন চাকরিপ্রার্থী। অর্থাৎ গড়ে প্রতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৭৫ জন।
প্রথম ধাপে প্রতি পদের বিপরীতে প্রতিযোগী ছিলেন গড়ে ৭৩ জন এবং দ্বিতীয় ধাপে (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) এই সংখ্যা ৮০ জনেরও বেশি।
পরীক্ষার তারিখ পরিবর্তন হলেও আগে ঘোষিত নিয়ম ও নিরাপত্তা ব্যবস্থায় কোনো পরিবর্তন আসছে না—
প্রবেশপত্র ও পরিচয়পত্র: ২৭ ডিসেম্বর থেকে ডাউনলোড করা প্রবেশপত্রের রঙিন কপি এবং মূল স্মার্ট এনআইডি কার্ড সঙ্গে আনতে হবে।
কেন্দ্রে প্রবেশের সময়: সকাল ৯টার মধ্যে কেন্দ্রে ঢুকতে হবে। ৯টা ৩০ মিনিটে সব গেট বন্ধ করে দেওয়া হবে।
কান উন্মুক্ত রাখা: ব্লুটুথ বা গোপন ইলেকট্রনিক ডিভাইস শনাক্তের জন্য পরীক্ষার সময় উভয় কান খোলা রাখতে হবে। প্রয়োজনে টর্চলাইট দিয়ে পরীক্ষা করা হতে পারে।
নিষিদ্ধ সামগ্রী: মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, যেকোনো ঘড়ি, পার্স বা ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এসব পাওয়া গেলে তাৎক্ষণিক বহিষ্কার ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওএমআর পূরণ: শুধুমাত্র কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে। পেনসিল ব্যবহারে উত্তরপত্র বাতিল হবে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকবে। একই সঙ্গে নিয়োগের নামে প্রতারণামূলক লেনদেন থেকে দূরে থাকার জন্য প্রার্থীদের সতর্ক করেছে অধিদপ্তর।
পরীক্ষার চূড়ান্ত তারিখ ও সময় এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।
মন্তব্য করুন