
স্ত্রী ও নয় মাস বয়সী শিশুসন্তানের মৃত্যুর ঘটনায় বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি না পাওয়ার প্রসঙ্গে প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষিখাত নিয়ে আয়োজিত এক ব্রিফিং শেষে প্রশ্নোত্তর পর্বে একজন সাংবাদিক যশোরের আলোচিত ঘটনাটি তুলে ধরেন। তবে উপদেষ্টা স্পষ্ট করে জানান, তিনি কৃষি বিষয়ক প্রশ্ন ছাড়া অন্য কিছুতে বক্তব্য দেবেন না।
এক পর্যায়ে সাংবাদিকরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব প্রসঙ্গ তুললে তিনি বলেন, স্বরাষ্ট্র সংক্রান্ত বিষয়ে আলাদা সময়ে কথা বলবেন। দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠলে তিনি পুনরায় কৃষি বিষয়েই সীমাবদ্ধ থাকার কথা জানান এবং কৃষকদের সমস্যা নিয়ে প্রশ্ন করতে সাংবাদিকদের আহ্বান জানান।
পরবর্তীতে একই বিষয়ে আবার প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য না করে সম্মেলন কক্ষ ত্যাগ করেন।
মন্তব্য করুন