
রাজধানীর উত্তর বাড্ডা পূর্বাচল ২ নম্বর লেনের একটি বাড়ি থেকে তরুণ-তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (২ নভেম্বর) ওই বাড়ির তৃতীয় তলা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
লাশ উদ্ধার হওয়া লাশের মধ্যে একজনের নাম সাইফুল (৩০), অন্যজনের নাম শাকিলা(২৮)। সাইফুল একটি মাদ্রাসার দারোয়ান ছিলেন। আর তরুণী শাকিলা (২৮) বাসাবাড়িতে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: হালনাগাদে ভোটার বেড়ে দাঁড়াল ১২ কোটি ৭৬ লাখ
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উত্তর বাড্ডা পূর্বাচল ২ নম্বর লেনের একটি বাড়ির তৃতীয় তলা থেকে ওই দুজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তৃতীয় তলার রুমের ওই দরজা বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল।
ওসি বলেন, আত্মীয়স্বজনের সহায়তায় দরজা খুলে ভেতরে প্রবেশ করে শায়িত অবস্থায় দুজনকে দেখা যায়। প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে, তাঁরা স্বামী স্ত্রী ছিলেন না। তবে দুজনের সম্পর্ক কী ছিল বিস্তারিত জানা যায়নি।
ওসি আরও জানান, তাঁদের মৃত্যুর কারণসহ সবকিছুই তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন