
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির কৃষক উইংয়ের প্রধান সমন্বয়কারী ও মজলুম জননেতা মওলানা ভাসানীর নাতি আজাদ খান ভাসানী।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে এনসিপির সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তের কথা জানান তিনি। পোস্টে আজাদ খান ভাসানী জানান, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টিতে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে যুক্ত হয়েছিলেন তিনি। তার মতে, জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল মহান মুক্তিযুদ্ধের অসমাপ্ত সংগ্রামেরই ধারাবাহিকতা। দীর্ঘদিনের বৈষম্য, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয় থাকার প্রত্যাশা থেকেই তার রাজনৈতিক সম্পৃক্ততা শুরু হয়।
তিনি আরও বলেন, মওলানা ভাসানীর গণমানুষনির্ভর ও বৈষম্যবিরোধী রাজনৈতিক দর্শনের ধারাবাহিকতায় প্রথমে জাতীয় নাগরিক কমিটি এবং পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সঙ্গে যুক্ত হন। সেই সূত্রে তিনি দলের কৃষক উইংয়ের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব নেন। তবে লক্ষ করেন বাস্তব অভিজ্ঞতায় নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজনীয় দায়বদ্ধতা, ত্যাগ ও গণমানুষের প্রতি গভীর সংবেদনশীলতার ঘাটতি রয়েছে নতুন এই দলটির। একই সঙ্গে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলা এবং একটি স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠার ক্ষেত্রেও প্রত্যাশিত অগ্রগতি না থাকার কথাও উল্লেখ করেন তিনি।
তিনি তার পোস্টের মাধ্যমে আরও জানান এসব বাস্তবতার কারণে তিনি কিছুদিন ধরে সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকলেও সবসময় দলটির সাফল্য কামনা করে গেছেন। তবে বর্তমান প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক দায় এবং মওলানা ভাসানীর আদর্শের প্রতি অবিচল থাকাই তার কাছে অধিক গুরুত্বপূর্ণ হয়ে ওঠায় এনসিপি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
মন্তব্য করুন