
শেরপুরে একই মঞ্চে ইশতেহার ঘোষণা ঘিরে জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষ এবং এক উপজেলা জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, শেরপুরে ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত নিন্দনীয়। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সব পক্ষকে সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করতে হবে। ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট ইউএনও ও ওসিকে প্রত্যাহার করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত প্রার্থীদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা জুডিশিয়াল তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত করা হবে।
এছাড়া আখতার আহমেদ বলেন, আগামী ৮ ফেব্রুয়ারির পর আদালতের আদেশে কেউ প্রার্থিতা ফিরে পেলেও পোস্টাল ব্যালটে তাদের নাম ও প্রতীক অন্তর্ভুক্ত করা হবে না।
উল্লেখ্য, এর আগে জামায়াত নেতা রেজাউল করিম হত্যাকাণ্ডের ঘটনার পর ২৪ ঘণ্টার মধ্যে শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানার ওসিকে অপসারণের দাবি জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম।
মন্তব্য করুন