
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একেবারে শেষ পর্যায়ে এসে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। ট্রাক প্রতীক নিয়ে তিনি এই আসনে নির্বাচনে অংশ নিচ্ছিলেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে বড়লেখার একটি স্থানীয় রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদের প্রতি সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, দলীয় সভাপতি নুরুল হক নুরের নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থীকে পূর্ণ সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে নির্বাচন ঘিরে বড়লেখা ও জুড়ী এলাকায় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ব্যাপক গণসংযোগে সক্রিয় ছিলেন আব্দুন নুর। সংবাদ সম্মেলনে তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণ যে পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
প্রার্থিতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তা ঝুঁকির বিষয়টিও তুলে ধরেন তিনি। আব্দুন নুরের অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনের সময় কেন্দ্র দখলের সঙ্গে জড়িত এক প্রভাবশালী ব্যক্তি ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে তাঁকে হুমকি দিয়ে আসছে। এমনকি তাঁর বসতবাড়ির কেন্দ্র দখল করে নেওয়ার প্রকাশ্য হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এসব হুমকির কারণে তিনি লক্ষ্যভিত্তিক সহিংসতা বা টার্গেট কিলিংয়ের ঝুঁকিতে রয়েছেন। তবে নিজের জীবনের তোয়াক্কা না করে মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এই তরুণ রাজনৈতিক নেতা।
মন্তব্য করুন