
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় খাস ভূমিতে ভূমিহীন পরিবার ও নারীদের অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ টেকসই সামাজিক উদ্যোগের আওতায় বাস্তবায়িত “ইচ্ছে” কর্মসূচির অংশ হিসেবে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বেলকুচি উপজেলা প্রাণিসম্পদ অফিসের প্রশিক্ষণ কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। মানব মুক্তি সংস্থা (এমএমএস) এর উদ্যোগে এবং অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এর সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নাজমুল হক। এছাড়া বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. রানা ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম এবং ইডিআরসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. আখতারুজ্জামান সরদার।
বক্তারা বলেন, খাস জমিতে ভূমিহীন জনগোষ্ঠী ও নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারীদের নামে ভূমির মালিকানা নিশ্চিত হলে পরিবার ও সমাজে তাদের মর্যাদা বৃদ্ধি পায় এবং সিদ্ধান্ত গ্রহণে তাদের ভূমিকা আরও শক্তিশালী হয়।
এ সময় দারিদ্র্য হ্রাস, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে খাস জমির স্বচ্ছ বণ্টন ও সঠিক ব্যবস্থাপনার ওপর জোর দেন বক্তারা।
সেমিনারে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, ভূমিহীন নারী-পুরুষ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন