
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে সাত কিশোরকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ৩৭ নম্বর বাগহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্রে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলা কয়েকজন কিশোর একসঙ্গে ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করে। তাদের উপস্থাপিত ভোটার স্লিপে বয়স সংক্রান্ত অসামঞ্জস্য ধরা পড়লে দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে যাচাই-বাছাই শেষে তাদের আটক করা হয়।
বর্তমানে আটক সাতজনকে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে রাখা হয়েছে বলে জানা গেছে। তারা সবাই স্থানীয় এলাকার বাসিন্দা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা বেগম সাথী বলেন, “আটক ব্যক্তিরা সবাই অপ্রাপ্তবয়স্ক। তারা প্রশাসনের হেফাজতে রয়েছে। ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনার পর কেন্দ্রটিতে অতিরিক্ত সতর্কতা জোরদার করা হয়েছে। তবে ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলমান রয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
মন্তব্য করুন