
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর প্রবাসফেরত এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের পাটোয়ারী রাস্তার মাথা সংলগ্ন একটি সুপারি বাগানের বালুর স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সোহাগ হোসেন (৩৫) একই এলাকার লালগাজী মিজি বাড়ির তাজল ইসলামের ছেলে। তিনি প্রায় এক বছর আগে বিদেশ থেকে দেশে ফিরে জীবিকা নির্বাহের জন্য অটোরিকশা চালানো শুরু করেন।
পরিবারের সদস্যরা জানান, গত বুধবার (১২ ফেব্রুয়ারি), ভোটের আগের দিন হঠাৎ করে বাড়ি থেকে বের হয়ে যান সোহাগ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিহতের স্ত্রী শাহিনুর বেগম বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা। পরিবার জানায়, পারিবারিক কোনো বিরোধ ছিল না। তবে তিনি অনলাইনে জুয়ায় আসক্ত ছিলেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যার পর পাশ্ববর্তী সুপারি বাগানের ভেতরে বালুর স্তূপে লাশ গোপন করে রাখে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া জানান, পুলিশের নজরদারির আওতায় থাকা এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি হত্যা হিসেবে বিবেচনা করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ ঘটনার বিস্তারিত অনুসন্ধান করছে।
মন্তব্য করুন