
নির্বাচন-পরবর্তী সহিংসতা ও বিশৃঙ্খলার অভিযোগে চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক নিজ দলের পাঁচ কর্মীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উত্তেজনা সৃষ্টির ঘটনায় জড়িত সন্দেহে দুই পক্ষের কয়েকজনকে চিহ্নিত করে আটক করা হয়। পরে তাদের চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ চলাকালে এবং শুক্রবার নির্বাচন-পরবর্তী সময়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে পাঁচজন ছাত্রদল কর্মীকে থানায় সোপর্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন—নাছির গাজীর ছেলে নাহিদুল ইসলাম জনি (২২), লৎফুর রহমানের ছেলে মোবারক হোসেন বেপারী (২৬), ইব্রাহিম গাজীর ছেলে জনি গাজী (৩০) এবং ওয়ারলেস বাজার এলাকার মনির ও ফাহিম।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ জানান, আটক ব্যক্তিদের থানা হেফাজতে রাখা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
মন্তব্য করুন