
স্বাধীনতার পর কোনো সরকার দায়িত্ব নেওয়ার মাত্র এক মাসের মধ্যে বর্তমান সরকারের মতো এতটা দৃশ্যমান সাফল্য অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
মঙ্গলবার (১৭ মার্চ) বরিশাল নগরীর গির্জা মহল্লায় অবস্থিত এ কে স্কুল মাঠে রাজনীতিবিদ ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
রহমাতুল্লাহ বলেন, দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই সরকার জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন কার্যকর উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছে। বিশেষ করে খাল খনন কর্মসূচির মাধ্যমে জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির উদ্যোগ ইতোমধ্যে ইতিবাচক ফল দিতে শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, নিম্ন আয়ের মানুষের সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম একটি মানবিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি কৃষকদের জন্য সহজ শর্তে কৃষিঋণ প্রদান, উন্নয়ন প্রকল্পগুলোর গতি বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ দেশের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করছে।
তার মতে, এসব পদক্ষেপ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বাস্তব ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে তিনি আশা প্রকাশ করে বলেন, সরকারের উন্নয়নমুখী ও জনবান্ধব কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকলে দেশ আরও এগিয়ে যাবে এবং জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব হবে।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম রাড়ী, সদস্য সচিব আব্বাস উদ্দিন, মহানগর বিএনপির নেতা জাহিদুর রহমান রিপন ও শেখ হুমায়ুন কবির মাসুদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও পেশাজীবীরা।
মন্তব্য করুন