
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর নাম পুনরায় ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এ কথা জানান। চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বিমানবন্দরের নাম পূর্বের ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’-এ ফিরিয়ে নেওয়ার বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা আছে কি না—এ প্রশ্ন উত্থাপন করেন।
শাহজালাল বিমানবন্দরের নাম ‘জিয়া’ নামে ফিরবে কি?
জবাবে মন্ত্রী স্পষ্ট করে বলেন, ঢাকার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। বিষয়টি নিয়ে বর্তমানে কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়াও চলছে না। তিনি আরও জানান, সরকার এই মুহূর্তে তাদের নির্বাচনী ইশতেহারে ঘোষিত জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নেই অগ্রাধিকার দিচ্ছে।
মন্ত্রী আফরোজা খানম উল্লেখ করেন, বিমানবন্দরের নাম পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে তা নিয়ে ব্যাপক আলোচনা, পর্যালোচনা এবং সংশ্লিষ্ট মহলের মতামত প্রয়োজন। তাই ভবিষ্যতে পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী আলোচনা সাপেক্ষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
উল্লেখ্য, ঢাকার এই আন্তর্জাতিক বিমানবন্দরটি পূর্বে ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ নামে পরিচিত ছিল। পরবর্তীতে নাম পরিবর্তন করে দেশের প্রখ্যাত সুফি সাধক শাহজালাল-এর নামানুসারে বর্তমান নামকরণ করা হয়।
মন্তব্য করুন