দক্ষিণি তারকা সামান্থা রুথ প্রভুর জীবনে এখন জোড়া উদযাপন। গত বছরের ১ ডিসেম্বর ‘ফ্যামিলি ম্যান’ খ্যাত পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই অভিনেত্রী প্রথম সন্তানের মা হতে চলেছেন। এই মধুর খবরের মাঝেই বক্স অফিসে ঝড় তুলেছে তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মা ইনতি বাঙ্গারাম’।
দক্ষিণি সিনেমায় পুরুষ তারকাদের ছবিকে নিরাপদ বিনিয়োগ মনে করা হলেও, সেই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছে সামান্থার এই নারীকেন্দ্রিক ছবি। গত ১৯ জুন তেলেগু ও তামিল ভাষায় মুক্তি পাওয়া ছবিটি মাত্র দুই দিনেই ভারত ও আন্তর্জাতিক বাজারে চমকপ্রদ ব্যবসা করেছে।
ব্যক্তিগত জীবনের টানাপোড়েন ও অসুস্থতা কাটিয়ে দীর্ঘ বিরতির পর এটি সামান্থার রাজকীয় প্রত্যাবর্তন। বি ভি নন্দিনী রেড্ডি পরিচালিত এই ছবিটি সামান্থার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘ত্রালালা মুভিং পিকচার্স’-এর বড় প্রজেক্ট, যার ফলে প্রযোজক হিসেবেও এটি তাঁর বড় পরীক্ষা ছিল।বক্স অফিসে প্রথম দিনে ৫ কোটি ৩৫ লাখ রুপি আয় করার পর, দ্বিতীয় দিনে ছবিটির আয় প্রায় ৪০.২% বেড়ে দাঁড়ায় ৭ কোটি ৫০ লাখ রুপিতে।
ভারতে দুই দিনের মোট নেট আয়: ১২ কোটি ৮৫ লাখ রুপি (গ্রস প্রায় ১৪.৯ কোটি)।
আন্তর্জাতিক বাজারে আয়: ১০ কোটি ৬০ লাখ রুপি।বিশ্বব্যাপী মোট সংগ্রহ: ২৫ কোটি ৫০ লাখ রুপির বেশি।সিনেমাটি মূলত এক নারীর অতীত ভুলে নতুন পরিবারকে বাঁচানোর মনস্তাত্ত্বিক ও আবেগঘন লড়াইয়ের গল্প। গতানুগতিক অ্যাকশন ছবির বাইরে গিয়ে পারিবারিক সম্পর্ক ও নারীর মানসিক শক্তিকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে।সমালোচকদের মতে, ছবির মূল শক্তি সামান্থার দুর্দান্ত ও পরিণত অভিনয়। তবে গল্পের কিছু অংশ সহজে অনুমান করা যায় এবং দ্বিতীয়ার্ধ কিছুটা ধীরগতির—এমন সমালোচনা থাকলেও, সামগ্রিকভাবে ছবিটি দর্শক ও সমালোচক মহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে।
মন্তব্য করুন