দেশের রাজনীতিকে দুর্বৃত্তায়নের হাত থেকে মুক্ত করার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুরের রায়পুরে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
পথসভায় ব্যবসায়ী সিন্ডিকেট ও রাজনৈতিক দলগুলোর সুবিধাবাদী সম্পর্কের তীব্র সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের রাজনীতিকে মাদকসম্রাট ও দুর্বৃত্তদের কবজা থেকে মুক্ত করতে হবে। বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে রাজনীতিবিদরা নীরব ভূমিকা পালন করেন। কারণ, নির্বাচনের আগে তারা এই ব্যবসায়ী সিন্ডিকেটগুলোর কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালান। ফলে নির্বাচনের পর ওই সিন্ডিকেট যখন সাধারণ জনগণের পকেট কেটে পণ্যের দাম বাড়ায়, তখন রাজনীতিবিদরা চোখে কাঠের চশমা পরে থাকেন। তারা তখন সংসদে শুধু প্রধানমন্ত্রীর তোষামোদিতে ব্যস্ত থাকেন, জনগণের কথা বলেন না।’
সংসদে বিরোধী ও স্বাধীন মতপ্রকাশের সীমাবদ্ধতার অভিযোগ তুলে তিনি আরও বলেন, ‘আমরা যখন সংসদে দাঁড়িয়ে জনগণের ন্যায্য দাবি নিয়ে কথা বলতে চাই, তখন স্পিকার আমাদের থামিয়ে দিয়ে বলেন—এটা শাহবাগ স্কয়ার নয়, এটা সংসদ। কিন্তু তারা যদি মনে করে থাকেন আমরা কেবল সংসদেই কথা বলব, তাহলে ভুল ভাবছেন। সংসদে যদি আমাদের কথা বলতে না দেওয়া হয়, তবে আমরা সংসদের বাইরে, রাজপথে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলব।’
উক্ত পথসভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও মাহবুব আলম, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন এবং লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক মাছুম বিল্লাহ।
মন্তব্য করুন