
পেরুর রাজধানী লিমায় সরকার বিরোধী কয়েকশ বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।গতকাল শনিবার পুলিশ বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করলে, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ও লাঠি ছুঁড়ে মারে।
পেরুতে সংগঠিত অপরাধ, সরকারি অফিসে দুর্নীতি ও সাম্প্রতিক পেনশন সংস্কারের বিরুদ্ধে ক্রমবর্ধমান সামাজিক অস্থিরতার প্রতিবাদে এই বিক্ষোভ আয়োজন করে ‘জেনারেশন জি’ নামে এক যুব সংগঠন। পুলিশের উপস্থিতিতে শহরের কেন্দ্রস্থলে প্রায় ৫০০ লোক জড়ো হয়।
আরও পড়ুন:
গ্ল্যাডিস নামে এক বিক্ষোভকারী বলেন, আজ দেশের গণতন্ত্র আগের মতো নেই। সন্ত্রাস ও চাঁদাবাজির কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। সেলিন আমাসিফুয়েন নামে আরেক বিক্ষোভকারী বলেন, ‘কংগ্রেসের কোনও বিশ্বাসযোগ্যতা নেই, এমনকি জনগণের অনুমোদনও নেই। তারা এই দেশে সর্বনাশ ডেকে আনছে।’
বিক্ষোভকারীরা লিমায় নির্বাহী ও কংগ্রেস ভবনের দিকে যাওয়ার চেষ্টা করার সময় সংঘর্ষ শুরু হয়। রেডিও স্টেশন এক্সিটোসা জানিয়েছে, সংঘর্ষে তাদের প্রতিবেদক ও একজন ক্যামেরাম্যান গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশ জানিয়েছে, এই সংঘর্ষে কমপক্ষে তিনজন কর্মকর্তা আহত হয়েছেন।
ক্রমবর্ধমান চাঁদাবাজি ও সংঘবদ্ধ অপরাধের কারণে প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের সমর্থন হ্রাস পেয়েছে। আগামী বছর তার মেয়াদ শেষ হবে।
মন্তব্য করুন