
রাজধানীর ঢাকা-১১ আসনে আধিপত্যবাদ ও সন্ত্রাসমুক্ত ‘নতুন বাংলাদেশ’ গড়ার প্রত্যয় নিয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও ১১-দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। সোমবার (২ জানুযারি) সকালে রাজধানীর সাঈদনগর এলাকায় গণসংযোগকালে তিনি ভোটারদের দ্বারে দ্বারে যান এবং এলাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।
নির্বাচনি প্রচারণায় নাহিদ ইসলাম বলেন, ঢাকা-১১ আসনের অন্যতম প্রধান সমস্যা গ্যাস সংকট। নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে এই প্রকট সংকট সমাধান করা হবে। এছাড়া এলাকার ভঙ্গুর রাস্তাঘাট নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, রাস্তা মেরামতের নামে বিগত সরকারের আমলে শত শত কোটি টাকা লোপাট হয়েছে, অথচ কাজের কাজ কিছুই হয়নি। আমরা এই লুটপাটের সংস্কৃতি বন্ধ করে আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করব।
৫ আগস্ট পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এলাকাকে নতুন করে সন্ত্রাস ও চাঁদাবাজির স্বর্গরাজ্য বানানো হয়েছে। আমাদের লক্ষ্য মাদকমুক্ত ঢাকা-১১ এবং নতুন প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। তিনি স্পষ্ট করেন যে, কোনো ধরনের দখলদারিত্ব ও আধিপত্যবাদের ঠাঁই এই আসনে হবে না।
নির্বাচনি পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি অভিযোগ করেন, আমাদের গণজোয়ার দেখে একটি পক্ষ দিশেহারা হয়ে পড়েছে। কর্মীদের প্রচারণায় বাধা ও ব্যানার ছিঁড়ে ফেলার মাধ্যমে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করা হচ্ছে। তিনি এ বিষয়ে নির্বাচন কমিশনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন।
লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন থাকলেও নাহিদ ইসলাম আশাবাদী। তিনি বলেন, ১১ দলীয় ঐক্যবদ্ধ জোট নিয়ে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। জনগণ এই জোটকে আধিপত্যবাদ বিরোধী শক্তির প্রতীক হিসেবে দেখছে। নির্বাচনের আগ পর্যন্ত আমরা জোটবদ্ধ হয়েই রাজপথে থাকব।
উঠান বৈঠক ও লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষের ব্যাপক আগ্রহের কথা উল্লেখ করে নাহিদ ইসলাম জানান, আগামী কয়েক দিনের মধ্যে প্রতিটি ঘরে ঘরে পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, মানুষ এখন পরিবর্তনের কথা বলছে, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। আমরা সেই ভরসার মর্যাদা রক্ষা করতে চাই।
মন্তব্য করুন