ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ভবনের আশেপাশে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রধান নিরাপত্তা কর্মকর্তা শহীদ আবদুস সালাম স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি চিঠি মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে যে, ২৫ অক্টোবর (শনিবার) রাত ১১:১০ মিনিটে কিছু দুর্বৃত্ত নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থিত ভাস্কর্যের সামনে ‘ককটেল’ বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় ভবনের নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন
কমিশন জানিয়েছে যে অফিস সময়ের পরে এবং ছুটির দিনে নির্বাচন কমিশন ভবনের আশেপাশে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম চলমান থাকায় নিরাপত্তা হুমকি বাড়ছে।
এই পরিস্থিতিতে, ভবনের আশেপাশের ব্যবসায়িক কার্যক্রম সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশন ভবনের সামনে এবং আশেপাশে পুলিশি টহল বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে, জরুরি ভিত্তিতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন এবং সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।
মন্তব্য করুন