
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড়-১ আসনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী নওশাদ জমির ও সারজিস আলমকে পৃথকভাবে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান।
নোটিশে বলা হয়, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও দশ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম গত ২৩ জানুয়ারির নির্বাচনি জনসভায় নিজ দলীয় প্রধান ব্যতীত অন্য রাজনৈতিক নেতার ছবি ব্যবহার করে তোরণ, ব্যানার ও বিলবোর্ড স্থাপন করেন। পাশাপাশি অনুমোদন ছাড়াই তোরণ নির্মাণ এবং রিটার্নিং কর্মকর্তার কাছে ফেসবুক আইডি দাখিল না করেই প্রচারণা চালানোর অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে, বিএনপির মনোনীত প্রার্থী নওশাদ জমিরের বিরুদ্ধে অনুমোদনের বাইরে বড় আকারের ফেস্টুন ব্যবহার, অপসারণ অভিযানে বাধা দেওয়া, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডা, সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য না দিয়েই প্রচারণা এবং গভীর রাতে অবৈধ জমায়েতের অভিযোগ উল্লেখ করা হয়েছে।
নির্বাচন কর্তৃপক্ষ উভয় প্রার্থীকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রার্থীর বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন