
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার রোহিঙ্গা কলোনিতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৩৪৫ জন অবৈধ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে আটক করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোররাতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধপ্রবণ এলাকা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, মধ্যরাত থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলা অভিযানে যৌথবাহিনী দোহাজারী পৌরসভার তথাকথিত ‘বার্মা কলোনি’ চারদিক থেকে ঘিরে ফেলে। এরপর প্রতিটি ঘরে ঘরে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালিয়ে ১৭৬ জন পুরুষ, ৮৬ জন নারী এবং ৮৩ জন অপ্রাপ্তবয়স্কসহ মোট ৩৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়।
অভিযান শেষে চন্দনাইশ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আটক ব্যক্তিদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি)-এর তত্ত্বাবধানে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে স্থানান্তর করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং অবৈধ অনুপ্রবেশ ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন