
রমজানের আগেই দেশের এলপি গ্যাসের চলমান সংকট নিরসন হবে বলে আশ্বাস দিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর রেলভবনে এলপিজি বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় করণীয় নির্ধারণে আয়োজিত এক বৈঠক শেষে তিনি এ কথা জানান।
তিনি বলেন, আসন্ন সংসদ নির্বাচন ও পবিত্র মাহে রমজানকে সামনে রেখে এলপিজির কোনো ধরনের ঘাটতি যেন না ঘটে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
জ্বালানি উপদেষ্টা আরও জানান, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এলপিজি অপারেটররা নির্ধারিত পরিমাণ গ্যাস আমদানির প্রতিশ্রুতি দিলেও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। তবে অপারেটরদের পক্ষ থেকে অতিরিক্ত মূল্য বৃদ্ধির অভিযোগ অস্বীকার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, জানুয়ারি মাসে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী এক লাখ ৬৭ হাজার ৬০০ মেট্রিক টন এলপিজি আমদানি নিশ্চিত করা গেলে বর্তমান সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে।
মন্তব্য করুন