
গত ১৬ই জানুয়ারি শুক্রবার বাদ জুমআ আল্লাহু আকবার খচিত লাল বর্ণের ঐতিহাসিক ঝান্ডা মুবারক উত্তোলনের মধ্য দিয়ে ১১১তম ওরছ মুবারকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় এবং ১৮ই জানুয়ারি আখেরি মুনাজাতের মধ্য দিয়ে ওরছ শরীফ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। তবে ওরছ শরীফের সকল কার্যক্রমের সমাপ্তি করা হয় ২০শে জানুয়ারী বাদ আছর মাওলানা শাহ্ সূফী খাজা এনায়েতপুরী (রহ:) ছাহেবের পীর হযরত মৌলানা শাহ্ সূফী সৈয়দ ওয়াজেদ আলী (কুঃছেঃআঃ) ছাহেবের পবিত্র ফাতেহা শরীফ উদযাপনের মধ্য দিয়ে।
ওরছ শরীফের কর্মসূচির মধ্যে ছিল কুরআন ও হাদিসের আলোকে ধর্মীয় আলোচনা, আত্মশুদ্ধির মাধ্যমে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার তালীম, কুরআনে পাকের তিলাওয়াত, হামদ-নাত, গজল পরিবেশনা, জিকির-আসকার, মিলাদ কিয়ামসহ ইসলামের আদর্শে জীবন পরিচালনার আহ্বানে নানা ইবাদতভিত্তিক আয়োজন।
উল্লেখ্য, হযরত খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) ছাহেব তাঁর পীর ও মুর্শিদ, রাসুলুল্লাহ (দরূদ)-এর বংশধর সৈয়দ ওয়াজেদ আলী মেহেদীবাগী (রহ:)’র নির্দেশ ও মধ্যস্থতায় বাংলা ১৩২২ সালে সর্বপ্রথম পবিত্র ওরছ শরীফ উদযাপন করেন। সেই থেকে আজ পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে এই ঐতিহ্যবাহী ওরছ শরীফ উদযাপিত হয়ে আসছে।
২০শে জানুয়ারী বাদ আছর মাওলানা শাহ্ সূফী খাজা এনায়েতপুরী (রহ:) ছাহেবের পীর হযরত মৌলানা শাহ্ সূফী সৈয়দ ওয়াজেদ আলী (কুঃছেঃআঃ) ছাহেবের পবিত্র ফাতেহা শরীফ অনুষ্ঠানে দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন আলহাজ্ব হযরত খাজা গোলাম মেহেদী (মা:জি:আ:) ছাহেবের সমাপ্তি বক্তব্যের মাধ্যমে ১১১ তম ওরছ শরীফের সকল কার্যক্রম সমাপ্ত ঘোষনা করা হয়
ওরছ শরীফ চলাকালীন সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। পাশাপাশি ভক্তদের সহযোগিতায় স্বেচ্ছাসেবক দল দিনরাত নিরলসভাবে দায়িত্ব পালন করে। ওরছ শরীফ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতার জন্য দরবার শরীফ কর্তৃপক্ষ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
মন্তব্য করুন