
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি প্লাস্টিক সামগ্রী প্রস্তুতকারক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২১ জানুয়ারি) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কার্যক্রম শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর ভোর প্রায় ৬টার দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।
আগুনের ঘটনাটি সদর উপজেলার গোগনগর ইউনিয়নের মসিনাবন্দ এলাকায় অবস্থিত ‘প্লাস্টিক সাইন প্রাইভেট লিমিটেড’ নামের একটি কারখানায় ঘটে। ওই কারখানায় পলিথিন ব্যাগ, হ্যাঙ্গার, স্কচটেপসহ বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য উৎপাদন করা হতো।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি হতে পারে। কারখানার ভেতরে বিপুল পরিমাণ দাহ্য প্লাস্টিকের কাঁচামাল ও প্রস্তুত পণ্য মজুত থাকায় আগুন দ্রুত বিস্তার লাভ করে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
মন্তব্য করুন