
মাদারীপুরের শিবচর উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর এক কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সূর্যনগর বাজারসংলগ্ন হাইওয়ে এক্সপ্রেসওয়ের একটি আন্ডারপাসের নিচে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে অবহিত করলে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি আন্তর্জাতিক গম ও ভুট্টা গবেষণা কেন্দ্র (সিআইএমএমওয়াইটি)-এর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি পটুয়াখালী জেলার মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামে। তিনি ওই গ্রামের মতিউর রহমানের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, গত ২১ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার গুলশান এলাকায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একটি শাখায় পে-অর্ডার জমা দিতে গিয়ে শহীদুল ইসলাম নিখোঁজ হন। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। এ ঘটনায় একই দিন তার শ্বশুর আবু সালেহ উদ্দিন আহম্মেদ গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিহতের শ্বশুর আবু সালেহ উদ্দিন আহম্মেদ জানান, তিন দিন ধরে কোনো খোঁজ না পাওয়া এবং ফোন বন্ধ থাকায় তারা আশঙ্কায় ছিলেন। হাত-পা বাঁধা মরদেহ উদ্ধারের খবরে পুরো পরিবার ভেঙে পড়েছে। তিনি এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
এ ঘটনায় নিহতের স্বজনরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন