
জাতিসংঘের তত্ত্বাবধানে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং ঘটনায় জড়িতদের বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় তাদের অগ্রযাত্রা ঠেকাতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে যমুনা অভিমুখে যাত্রার ঘোষণা দেন। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তারা যাত্রা শুরু করলে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
পরে আন্দোলনকারীরা বাংলামোটর মোড়ে পুনরায় অবস্থান নেওয়ার চেষ্টা করলে সেখানে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
এর আগে একই দিনে সকালে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন। সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে যমুনার দিকে অগ্রসর হন। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পুলিশ প্রথমে ব্যারিকেড দিয়ে তাদের পথ রোধ করে। তবে আন্দোলনকারীরা সেই ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান।
পরে জলকামান নিক্ষেপের মধ্যেও মিছিল নিয়ে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হন এবং সেখানকার ব্যারিকেড ভেঙে যমুনার সামনে সড়কে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেলা পৌনে ১২টার দিকে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে।
মন্তব্য করুন