
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিমানবন্দর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
নীলফামারী জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়। এ সময় ঢাকা থেকে আসা একটি অভ্যন্তরীণ ফ্লাইটে অবতরণ করার পর বেলাল উদ্দিনকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার বহন করা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তিনি সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকাগামী একটি ফ্লাইটে সৈয়দপুরে পৌঁছান। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ ধরনের অর্থ বহন করাকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে।

আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বেলাল উদ্দিন দাবি করেন, উদ্ধার করা টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ টাকা এবং এটি তার ব্যবসায়িক লেনদেনের অর্থ।
বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার একজন শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার পিতা দবিরুল ইসলাম।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন