বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ কয়েকটি ইউনিটে শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। এর মধ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং বিশেষ শাখা (এসবি)-র নেতৃত্বে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব পদায়নের তথ্য জানানো হয়। উপ-সচিব তৌহিদ আহমেদ স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, সরদার নুরুল আমিনকে পুলিশের বিশেষ শাখা (এসবি)-র অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া পুলিশ সদর দপ্তরে কর্মরত অতিরিক্ত আইজিপি মোসাহেদ উদ্দিন আহমেদকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।
এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী। একই সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের নতুন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মো. মনিরুজ্জামানকে।
বর্তমান সিএমপি কমিশনার হাসিব আজিজকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি করা হয়েছে এবং তাকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।
এদিকে অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমানকে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই প্রজ্ঞাপনে মাগুরা, মাদারীপুর ও খাগড়াছড়ি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়নের কথাও উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, পুলিশ প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল করতে এই রদবদল করা হয়েছে।
মন্তব্য করুন