
চট্টগ্রামে টানা বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষার্থীদের চরম যাতায়াত দুর্ভোগ এবং প্রতিকূল পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে চট্টগ্রামে বন্যাকবলিত অঞ্চলের ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনায় পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, “সাম্প্রতিক বন্যায় আঞ্চলিক সড়ক ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে অনেক পরীক্ষার্থীর পক্ষেই যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো অসম্ভব হয়ে পড়েছে। পরীক্ষার্থীদের এই চরম দুর্ভোগ লাঘব এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এদিকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি চট্টগ্রাম অঞ্চলের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চলমান আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), ভোকেশনাল এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাও অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে।
এর আগেও আবহাওয়ার অবনতি ও বন্যা পরিস্থিতির কারণে এই অঞ্চলের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছিল। সার্বিক পরিস্থিতি বি
বেচনায় এবার তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হলো।
মন্তব্য করুন