পাঁচ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (২৫ জুলাই) তিনি দেশে ফেরেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।
আইএসপিআর জানায়, তুরস্কে পৌঁছে সেনাপ্রধান দেশটির প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ আনিতকাবিরে শ্রদ্ধা নিবেদন করেন।
সফরকালে তিনি তুরস্কের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার, তুর্কি সশস্ত্র বাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ জেনারেল সেলচুক বায়রাকতারওগলু, তুর্কি স্থল বাহিনীর কমান্ডার জেনারেল মেতিন তোকেল এবং ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ডের পরিচালক রিয়ার অ্যাডমিরাল রিসেপ এরদিনক ইয়েতকিনের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন।
এ ছাড়া, সেনাপ্রধান তুরস্ক ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি (এসএসবি)-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সফরের অংশ হিসেবে তিনি তুর্কি স্থল বাহিনীর সদরদপ্তরও পরিদর্শন করেন। এ সময় তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়।
আইএসপিআর জানিয়েছে, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন