
বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে সহায়তার করে সৌদি আরবের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক চুক্তিতে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২২ জুলাই) মার্কিন সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নাল যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।
প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য কয়েক বিলিয়ন ডলার মূল্যের এই চুক্তির মেয়াদ হবে ৩০ বছর। এর প্রধান লক্ষ্য হলো সৌদি আরবের পারমাণবিক অবকাঠামো উন্নয়নে মার্কিন কোম্পানিগুলোকে কেন্দ্রীয় ভূমিকা দেওয়া এবং এ খাতে অন্যান্য বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ সীমিত রাখা।
চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ কারিগরি পর্যালোচনায় প্রয়োজনীয়তা প্রমাণিত হলে, একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ (ইউরেনিয়াম এনরিচমেন্ট) কেন্দ্র নির্মাণ করবে মার্কিন প্রতিষ্ঠানগুলো।
এ ছাড়া সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচির তদারকি ও পর্যবেক্ষণেও যুক্তরাষ্ট্রের একটি নির্দিষ্ট ভূমিকা থাকবে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের দাবি, এর মাধ্যমে কর্মসূচিটি যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে ব্যবহার না হয়, তা নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর নজরদারি সম্ভব হবে।
তবে চুক্তিটি আগামী কয়েক দিনের মধ্যে পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসে পাঠানো হলে তা নিয়ে আপত্তি উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের বিদ্যমান অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরবের পারমাণবিক সক্ষমতা সম্প্রসারণ নিয়ে কংগ্রেসের অনেক আইনপ্রণেতা উদ্বেগ প্রকাশ করতে পারেন।
মন্তব্য করুন