ইরানে নতুন করে হামলা এবং দেশটির বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপের পরও তেহরানের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করা এখনো সম্ভব বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান উত্তেজনা নিরসনে তেহরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
স্থানীয় সময় সোমবার (১৩ জুলাই) হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট এ মন্তব্য করেন।
ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে ট্রাম্প বলেন, “মাত্র দুদিন আগেই তাদের সঙ্গে আমাদের একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। কিন্তু শেষ মুহূর্তে তারা জানায়, ‘আমরা এখনই চুক্তিটি করতে পারছি না, এ নিয়ে আমাদের আরও বিশদ আলোচনার প্রয়োজন আছে’।”
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দফায় দফায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এই চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই সম্প্রতি ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা ও অবরোধ আরোপের ঘোষণা দেন ট্রাম্প।
এরই ধারাবাহিকতায় ট্রাম্প দাবি করেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালি’র নিরাপত্তার দায়িত্ব নেবে যুক্তরাষ্ট্র। পাশাপাশি এই পথ দিয়ে নিরাপদে যাতায়াতের জন্য বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে নিরাপত্তা মাশুল আদায় করা হবে।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ ও পরিচালনা করব। আমরা এই প্রণালির অভিভাবক হতে যাচ্ছি। তাই এর বিনিময়ে আমাদের অর্থ দেওয়া উচিত।”
তিনি আরও যোগ করেন, এ দায়িত্ব পালনের জন্য যুক্তরাষ্ট্রকে ‘বিপুল পরিমাণ অর্থ’ দেওয়া প্রয়োজন। কারণ, এই নৌপথ ব্যবহারকারী দেশগুলো অত্যন্ত ধনী এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিনামূল্যে এই নিরাপত্তা সেবা তাদের আশা করা ঠিক নয়।
মন্তব্য করুন