
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে দেশে ফিরেছেন। আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে স্পিকারের দেশে ফেরার তথ্য নিশ্চিত করা হয়েছে।গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা থেকে ব্যাংকক যান স্পিকার। পূর্বনির্ধারিত সূচির তুলনায় দুই দিন আগেই তাঁর দেশে ফেরা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
বিশেষ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে চলমান জল্পনা আরও জোরালো হয়েছে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। এছাড়া নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন জাতীয় সংসদের স্পিকার।
কয়েক দিন ধরেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, তিনি আজ অথবা আগামী কয়েক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন।
এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সম্ভাব্য বিদায়-সংক্রান্ত প্রস্তুতির বিষয়ে আলোচনা করেছেন।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার রাত ১০টা ২৩ মিনিটে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে পারেন। রয়টার্সের দাবি, এ তথ্য তিনটি পৃথক সূত্র থেকে পাওয়া গেছে। তবে বিষয়টির সংবেদনশীলতার কারণে কোনো সূত্রই নিজেদের পরিচয় প্রকাশে সম্মত হয়নি।
আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ২৪ এপ্রিল পাঁচ বছরের মেয়াদে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। বর্তমান মেয়াদ অনুযায়ী, তাঁর দায়িত্ব ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত বহাল থাকার কথা।
মন্তব্য করুন