ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা সীমান্তে দিয়ে ৬ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির টহল দলের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকালে বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি এমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের বিএসএফের ৯ ব্যাটালিয়নের অধীন সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা শনিবার ভোর ৫টার দিকে ৬ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায়। এ সময় সামন্তা বিজিবি ক্যাম্পের টহল দলের নজরে বিষয়টি এলে তারা তাৎক্ষণিকভাবে বাধা দেয়।
বিজিবির উপস্থিতিতে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হলে ওই ব্যক্তিদের সীমান্তের জিরো লাইন থেকে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে তারা ভারতের অভ্যন্তরে প্রায় ৩০ গজ দূরে অবস্থান করছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনী।
মন্তব্য করুন