
ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ার পর এবার পুরস্কারও ঘরে তুলল বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। রুবাইয়াত হোসেনের নির্মিত সিনেমাটি ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইন্ডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডসের প্রেমিও বিসাতো দ’ওরো পুরস্কার পেয়েছে।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে পরিচালক রুবাইয়াত হোসেনের হাতে পুরস্কারটি তুলে দেন ইন্ডিপেনডেন্ট ক্রিটিকস বিভাগের প্রধান। বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে প্রথমবার ভেনিস উৎসবের অফিসিয়াল শাখা অরিজন্তি বিভাগে জায়গা করে নিয়েই আলোচনায় আসে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
আরও পড়ুন…

এবার সেই যাত্রায় যুক্ত হলো আন্তর্জাতিক সমালোচকদের দেওয়া গুরুত্বপূর্ণ এ স্বীকৃতি। পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় রুবাইয়াত হোসেন বলেন, ‘এ অর্জন আমার জন্য অনেক সম্মানের। ভেনিসের মতো উৎসবে সব সিনেমার মধ্যে থেকে এ পুরস্কার দেওয়া। এ জন্য জুরিদের কাছে কৃতজ্ঞতা জানাই। তারা আমার সিনেমাটিকে পছন্দ করেছেন। আমি মনে করি, এ পুরস্কার দেশের সিনেমা অঙ্গনের জন্য সম্মানের, বাংলাদেশের সিনেমাকে এগিয়ে নেওয়ার জন্য এ স্বীকৃতি তাৎপর্যপূর্ণ।’
গত ৬ সেপ্টেম্বর ভেনিসে সিনেমাটির প্রিমিয়ার হয়। এরপর আন্তর্জাতিক গণমাধ্যম ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের প্রশংসা কুড়িয়েছে এটি। নারীর শরীর, আত্মপরিচয় ও নিজের অস্তিত্বকে ঘিরে নানা ভাবনা সিনেমাটির গল্পে উঠে এসেছে। নিজের সিনেমার ভাবনা প্রসঙ্গে রুবাইয়াত বলেন, ‘খুবই অন্তরঙ্গ একটি জায়গা থেকে আমি সিনেমাটি নির্মাণ করেছি। নারীরা কীভাবে নিজেদের শরীরকে ধারণ করতে, নিয়ন্ত্রণ করতে এবং কখনও কখনও নিজেদের শরীরকেই ভয় করতে শেখে, সেই ভাবনা থেকেই এ সিনেমা। এটার সঙ্গে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা জড়িত।’
তিনি আরও বলেন, ‘সেই সিনেমাটি ভেনিসের ইন্ডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকসদের কাছ থেকে যখন এ স্বীকৃতি এনে দেয়, সেটা আমার কাছে গভীরভাবে অর্থবহ। আমি চাই, এ চলচ্চিত্রের মাধ্যমে দর্শক বাংলাদেশকে শুধু তার সামাজিক বাস্তবতার মধ্য দিয়ে নয়, বরং তার কল্পনা, লোককথা, অন্ধকার ও সৌন্দর্যের মধ্য দিয়েও আবিষ্কার করুক।’ রুবাইয়াত হোসেনের ক্যারিয়ারের চতুর্থ সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

ভেনিসের অরিজন্তি বিভাগে এবার মূল পুরস্কারের জন্যও প্রতিযোগিতা করছে সিনেমাটি। ২ সেপ্টেম্বর শুরু হওয়া এবারের ভেনিস উৎসবের সমাপনী আজ ১২ সেপ্টেম্বর। সমাপনী আয়োজনে ঘোষণা করা হবে অফিসিয়াল শাখার বিজয়ীদের নাম।
সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাইনিন করিম চৌধুরী। অতিথি চরিত্রে আছেন আজমেরী হক বাঁধন ও সুনেরাহ্ বিনতে কামাল। আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারী ও রিকিতা নন্দিনী শিমুসহ অনেকে।
ভেনিসের পর আন্তর্জাতিক অঙ্গনে সিনেমাটির যাত্রা থামছে না। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। বৃহস্পতিবার শুরু হওয়া এ উৎসবে অংশ নিতে ভেনিস থেকেই টরন্টোর উদ্দেশে রওনা হবেন রুবাইয়াত। টরন্টো উৎসব চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।
মন্তব্য করুন