
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত নয়, কার্যত বাতিলই হয়ে গেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে তাদের স্থলাভিষিক্ত হিসেবে স্কটল্যান্ডকে ‘সি’ গ্রুপে অন্তর্ভুক্ত করেছে বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ।
গত ২১ জানুয়ারি আইসিসির ভার্চুয়াল সভায় ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে বাংলাদেশকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অতিরিক্ত ২৪ ঘণ্টা সময় দেওয়া হলেও তারা নিজেদের অবস্থান থেকে সরে আসেনি। এর ফলেই আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপের তালিকা থেকে বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ না থাকায় স্কটল্যান্ড এখন কলকাতায় ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে। এরপর মুম্বাইয়ে নেপালের বিপক্ষে তাদের গ্রুপপর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে ক্রিকবাজ ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো মন্তব্য পায়নি। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুরো বিষয়টি নিয়ে দুবাই ও এডিনবার্গের মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে।
এদিকে আজ শনিবার ইন্ডিয়া টুডে জানায়, আইসিসি ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুক্রবার দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকেই আইসিসি চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশের বিশ্বকাপ সংশ্লিষ্ট ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেন।
এর আগে শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তনের আশায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) শরণাপন্ন হয়েছিল। তবে কমিটি তাদের আবেদন নাকচ করে দেয় এবং আইসিসির সিদ্ধান্ত বহাল রাখে।
মন্তব্য করুন