
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, ভয়-ভীতি দেখিয়ে জামায়াতের বিজয় রুখে দেওয়া যাবে না। সারা দেশজুড়ে জামায়াতের পক্ষে আজ গণজোয়ার সৃষ্টি হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জের কাজিপুরে জামায়াতে ইসলামীর আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির সমালোচনা করে রফিকুল ইসলাম খান বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর বিএনপি দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করেছিল, যা এখনো অব্যাহত রয়েছে। সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে তারা জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। এর ফলে দেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
তিনি আরও বলেন, যারা নিজেদের দলের লোকদের নিরাপত্তা দিতে পারে না, তারা দেশের সাধারণ মানুষকে কীভাবে নিরাপত্তা দেবে? এ দেশের মানুষ ভালোভাবেই জানে—কারা ভালো মানুষ আর কারা সন্ত্রাসী ও চাঁদাবাজ।
তিনি দাবি করেন, আওয়ামী লীগের টানা ১৭ বছরের শাসনের চেয়েও বিএনপি ক্ষমতার বাইরে থেকেও মানুষকে বেশি নির্যাতন করেছে। এ সময় তিনি সাধারণ মানুষের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, চাঁদাবাজদের ভোট দেবেন না; জামায়াতকে রাষ্ট্রব্যবস্থায় ক্ষমতায় আনুন।
কাজিপুর উপজেলা জামায়াতের আমির জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে জামায়াতে ইসলামীর এমপি পদপ্রার্থী মাওলানা শাহিনুর আলম। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নতুন নতুন কলকারখানা স্থাপনের মাধ্যমে বেকার সমস্যার সমাধান করা হবে ইনশাল্লাহ। পাশাপাশি পাঁচ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে।
জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ হাসান মনসুর মিলন, আবু রায়হানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন