
চলমান আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এ গ্রুপ বি এর ৩৮তম ম্যাচে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল ১৭৯ রানের লক্ষ্যমাত্রা যৌথভাবে সফলভাবে তাড়া করে ৬ উইকেটে জয় হাসিল করেছে শ্রীলঙ্কা জাতীয় দলের বিপক্ষে। এই জয়ে জিম্বাবুয়ে গ্রুপে অপরাজিত থেকেই শীর্ষ স্থান ধরে রেখে সুপার এইটে যাওয়ার পথ পাকা করে ফেলেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে ৫৪ রানের উদ্বোধনী জুটি পায় শ্রীলঙ্কা। মুজারাবানির পেসে ২২ রানে কুশাল পেরেরা ফিরলে ভাঙ্গে পার্টনারশিপ। দলীয় ১০০ রানের মাথায় ২য় উইকেট হারায় লঙ্কানরা। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান আসে পাথুম নিশাঙ্কার ব্যাট থেকে। ৪৪ রান করে ক্যাচ আউটের ফাঁদে পড়েন পাভান রত্নায়েকে। নিয়মিত বিরতিতে উইকেট পড়লে দুনিথ ভেল্লালাগের ১৫ রানে ১৭৮ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা।
জিম্বাবুয়ের পক্ষে মুজারাবানি, ইভান্স ও ক্রেমার তুলে নেন ২টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ৬৯ রানের উদ্বোধনী জুটি পায় জিম্বাবুয়ে। ৩৪ রান করে আউট হোন মারুমানি। আর ১২ বলে ২৩ রান করে আউট হয়েছেন রায়ান বার্ল। ৪৫ রানের আগ্রাসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন সিকান্দার রাজা। তবে বেনেটের অপরাজিত ৬৩ রানের ইনিংসে ৬ উইকেটের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে জিম্বাবুয়ে।
মন্তব্য করুন