
রমজানের শুরু থেকে অস্বাভাবিক বেড়ে গেছে সব ধরনের নিত্যপণ্যের দাম। বিশেষ করে লেবু, শসা ও কাঁচামরিচের দাম হয়েছে আকাশছোঁয়া।
এ অবস্থায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জের বাজার তদারকিতে নামে জেলা প্রশাসন। এসময় জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস মিয়া লেবুর দোকানে গিয়ে লেবুর দাম জিজ্ঞেস করলে দাম এক লাফে ৮০ টাকা কমিয়ে দেন বিক্রেতা।
সরেজমিনে দেখা যায়, যেখানে একটু আগেও ১২০ টাকায় এক হালি লেবু বিক্রি হচ্ছিলো, সেখানে ডিসি মোহাম্মদ ইলিয়াস মিয়া লেবুর দাম জিজ্ঞাসা করতেই বিক্রেতা বলেন, লেবুর হালি ৪০ টাকা। তাৎক্ষণিক সেখানে থাকা ক্রেতারা হুমড়ি খেয়ে শুরু করেন লেবু কেনা। পরে শহরের সবজির বাজার, মাছের বাজার ও মাংসের বাজার ঘুরে দেখেন জেলা প্রশাসন।
বাজার তদারকি শেষে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজকে সব ধরনের বাজারে তদারকি করা হয়েছে। বাজারে সব ধরনের সবজি, মাছ ও মাংসের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কেউ যদি বাজারে কোনও পণ্য নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
No tags found for this post.
মন্তব্য করুন