
চুয়াডাঙ্গায় জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা আনতে জেলা প্রশাসন ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ এপ্রিল থেকে এই কার্ড বাধ্যতামূলক করা হবে। এ সিদ্ধান্তের পর সোমবার (৩০ মার্চ) সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয়ে যানবাহনের মালিকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।
ফুয়েল কার্ড সংগ্রহের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হাজারো মানুষ একসঙ্গে উপস্থিত হওয়ায় পরিস্থিতি কিছুটা বিশৃঙ্খল হয়ে পড়ে। ভিড় নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ সময় লাইনে দাঁড়ানো নিয়ে দুই যানবাহন মালিকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কার্যক্রম স্বাভাবিক হয়।
চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড নিয়ে মারামারি
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৩০ ও ৩১ মার্চের মধ্যে জাতীয় পরিচয়পত্র, গাড়ির রেজিস্ট্রেশন কপি, ড্রাইভিং লাইসেন্স এবং একটি ছবি জমা দিয়ে বিনামূল্যে ফুয়েল কার্ড সংগ্রহ করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে কার্ড সংগ্রহ না করলে ১ এপ্রিল থেকে জ্বালানি তেল কেনা সম্ভব হবে না।
নতুন নিয়ম অনুযায়ী, প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার ২২টি তেল পাম্পে জ্বালানি বিতরণ করা হবে। তবে কৃষকদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। তারা ২৪ ঘণ্টাই ডিজেল সংগ্রহ করতে পারবেন।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার জানান, ফুয়েল কার্ড নিয়ে মানুষের আগ্রহ অনেক বেশি, যার কারণে ভিড় তৈরি হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে।
মন্তব্য করুন