
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় একটি ধানক্ষেত থেকে রিপন হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের মান্নাননগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিপন হোসেন উল্লাপাড়া উপজেলার ঝিকরা কুন্ডুপাড়া গ্রামের বাসিন্দা এবং মো. আহসান আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মান্নাননগর এলাকার একটি বোরো ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তাড়াশে ধানক্ষেতে রিপনের মরদেহ উদ্ধার
পুলিশের প্রাথমিক ধারণা, রিপন হোসেনকে হত্যার পর দুর্বৃত্তরা তার মরদেহ ধানক্ষেতে ফেলে রেখে গেছে। তবে কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একটি দল কাজ শুরু করেছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।
মন্তব্য করুন