যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম আর যুক্তরাজ্যের সাবেকমুন্ত্রী পদত্যাগ করলেন কিয়ার স্টারমার। সোমবার রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ গ্রহণের মধ্য দিয়ে তিনি সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। পরে বাকিংহাম প্যালেস থেকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পৌঁছান তিনি। সেখানে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে।
এর আগে স্থানীয় সময় সোমবার দুপুরে বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা তৃতীয় চার্লসের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র গ্রহণের পর তিনি প্যালেস ত্যাগ করেন। স্টারমারের বিদায়ের পরই বার্নহ্যাম প্যালেসে প্রবেশ করেন এবং রাজা তাঁকে সরকার গঠনের আনুষ্ঠানিক আহ্বান জানান। এর মধ্য দিয়েই সম্পন্ন হয় যুক্তরাজ্যের ক্ষমতা হস্তান্তরের সাংবিধানিক প্রক্রিয়া।
বিবিসির খবরে বলা হয়েছে, প্যালেস থেকে বেরিয়ে বার্নহ্যাম সরাসরি ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে যান। প্রধানমন্ত্রী হিসেবে সেখানেই তিনি তাঁর প্রথম আনুষ্ঠানিক ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রী হিসেবে শেষ বক্তব্যে কিয়ার স্টারমার তাঁর উত্তরসূরি অ্যান্ডি বার্নহ্যামের সফলতা কামনা করেন। তিনি বলেন, “আমি সৌজন্যের সঙ্গে, হাসিমুখে এবং আমাদের অর্জন নিয়ে গর্বিত অবস্থায় বিদায় নিচ্ছি।”
এদিকে নতুন সরকারকে ঘিরে ডাউনিং স্ট্রিটে প্রস্তুতি শুরু হয়েছে। বার্নহ্যামের প্রথম ভাষণ শোনার জন্য তাঁর সমর্থকেরা সেখানে জড়ো হয়েছেন। একই সঙ্গে নতুন মন্ত্রিসভায় বিদায়ী সরকারের কতজন সদস্য স্থান পাবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বিবিসি জানিয়েছে, বার্নহ্যামের গ্রেটার ম্যানচেস্টারের চিফ অব স্টাফ কেভিন লিকেও ডাউনিং স্ট্রিটে দেখা গেছে।
ভাষণ শেষে নতুন মন্ত্রিসভা গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করবেন বার্নহ্যাম। এরই মধ্যে বিদায়ী সরকারের কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেছেন। পর্যায়ক্রমে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হবে।
ব্রেক্সিট-পরবর্তী এক দশকে এটি যুক্তরাজ্যের রাজনীতিতে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। অ্যান্ডি বার্নহ্যামের দায়িত্ব গ্রহণের মাধ্যমে গত চার বছরে দেশটি পঞ্চম প্রধানমন্ত্রী পেল। বর্তমানে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিকতা চলমান রয়েছে এবং নতুন সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার তালিকা শিগগিরই প্রকাশ করা হবে।
মন্তব্য করুন