
শাক-সবজি খেয়েও গ্যাস, পেট ফাঁপার সমস্যায় ভুগতে হয় অনেক সময়। শুনতে অদ্ভুত লাগলেও এই সমস্যার মুখোমুখি হন অনেকেই। বিশেষত শীতের সবজি খেলে পেটের সমস্যা বাড়ে। তেল-মসলাদার খাবার না খেয়েও পেট গ্যাসে ফুলে যায়।
এমন অবস্থার মুখোমুখি হতে হয় যখন ক্রুসিফেরাস সবজি বা কপিজাতীয় সবজি খান। বাঁধাকপি, ফুলকপি, মুলা, সরিষা শাক, ব্রকলি, ব্রাসেলস স্প্রাউটস—এই ধরনের আনাজগুলো হলো ক্রুসিফেরাস সবজি। এই ধরনের সবজি খেলে পেটের সমস্যায় পড়তে হয়। কিন্তু কেন—চলুন, জেনে নেওয়া যাক—
ফাইবারের মাত্রা বেশি
ক্রুসিফেরাস সবজি আদতে স্বাস্থ্যকর।
এতে ভরপুর মাত্রায় ফাইবার থাকে। কিন্তু আপনি যদি ইরিটেবল বাওল সিনড্রোম বা গ্যাস-অম্বলের সমস্যা থাকে, তাহলে জটিলতা তৈরি করে ক্রুসিফেরাস সবজি। এই ধরনের সবজিতে যে ফাইবার রয়েছে, তাই আইবিএস-এর রোগীদের পক্ষে হজম করা কঠিন হয়ে পড়ে। ক্রুসিফেরাস সবজি অনেক সময়ে হজম হয় না, কিংবা হজম হতে সময় নেয়।
তখনই গ্যাস, পেটফাঁপার সমস্যা বাড়ে।
কমপ্লেক্স কার্বোহাইড্রেট
কপিজাতীয় সবজির মধ্যে রাফিনোজ নামের একটি কমপ্লেক্স কার্বোহাইড্রেট রয়েছে। এটি অন্ত্রে সহজে হজম হয় না। তার পরে কোলনে পৌঁছে গ্যাস, পেট ফাঁপা, বদহজমের মতো সমস্যা ডেকে আনে।
বাঁধাকপি, লেটুসের মতো সবজি অনেকেই কাঁচা খান। আবার ব্রকলি, ফুলকপি অল্প ভাপিয়ে খাওয়ার অভ্যাস রয়েছে অনেকের। কিন্তু কাঁচা বা অর্ধসিদ্ধ ক্রুসিফেরাস সবজি একেবারেই স্বাস্থ্যের জন্য ভালো নয়। এতে পেটের সমস্যা হবেই হবে।
তাই বদহজম এড়াতে হলে কপিজাতীয় সবজি ভালো করে সিদ্ধ করে খাওয়া উচিত। যদি আইবিএস বা গ্যাস-পেটফাঁপার সমস্যা থাকে, তাহলে কম পরিমাণে কপিজাতীয় সবজি খান। কপির তৈরি সবজিতে হিং, আদা, জিরার মতো উপাদান ব্যবহার করুন, যাতে পেটে গ্যাস না হয়।
No tags found for this post.
মন্তব্য করুন