
সরকারি চাকরি প্রার্থীদের জন্য বড় ধরনের সুখবর এসেছে। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার পর্যায়ক্রমে প্রায় পাঁচ লাখ লোককে সরকারি বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ চাকরিপ্রার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
বুধবার সকালে সংসদের অধিবেশনে দেওয়া এক লিখিত উত্তরে তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় বিদ্যমান শূন্য পদ পূরণের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। বর্তমানে এসব প্রতিষ্ঠানে ২,৮৭৯ জন নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে, যা দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে।
সরকারি চাকরিতে বড় নিয়োগের ঘোষণা
এছাড়া প্রধানমন্ত্রী আরও জানান, দেশের নাগরিকদের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ‘ই-হেলথ কার্ড’ চালুর একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পটি এখন অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং ১৮০ দিনের কর্মসূচির আওতায় এটি বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।
শিক্ষাখাতের উন্নয়ন নিয়েও সরকার গুরুত্ব দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শিক্ষকদের ইংরেজি শিক্ষাদানসহ সামগ্রিক পাঠদানের মান উন্নত করা হবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন