
ঢাকাস্থ মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে। দূতাবাস জানিয়েছে, যারা শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তাদের অবশ্যই ভিসার শর্ত মেনে চলতে হবে। অন্যথায় ভিসা বাতিলসহ ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগও ঝুঁকির মুখে পড়তে পারে।
শনিবার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়, কোনো শিক্ষার্থী যদি পড়াশোনা মাঝপথে ছেড়ে দেন, নিয়মিত ক্লাসে উপস্থিত না থাকেন, অথবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে নির্ধারিত শিক্ষা কার্যক্রম থেকে সরে যান, তাহলে তার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে নতুন ভিসা পাওয়ার যোগ্যতাও হারানোর আশঙ্কা রয়েছে।
শিক্ষার্থীদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে মার্কিন দূতাবাস
বার্তায় আরও বলা হয়, আন্তর্জাতিক শিক্ষার্থীদের সবসময় বৈধ স্টুডেন্ট স্ট্যাটাস বজায় রাখতে হবে। এজন্য বিশ্ববিদ্যালয় বা কলেজের নিয়ম মেনে চলা, পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে নিবন্ধিত থাকা এবং প্রয়োজনীয় প্রশাসনিক তথ্য হালনাগাদ রাখা জরুরি।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস সাম্প্রতিক মাসগুলোতে ভিসা আবেদনকারী ও ভিসাধারীদের জন্য একাধিক সতর্কবার্তা দিয়েছে। এর আগে ভুল তথ্য দেওয়া, জাল কাগজপত্র জমা দেওয়া বা ভিসার শর্ত ভঙ্গের বিষয়েও সতর্ক করা হয়েছিল।
বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশে দূতাবাসের বার্তা হলো—যারা যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে চান বা বর্তমানে সেখানে অবস্থান করছেন, তারা যেন নিয়ম মেনে পড়াশোনা চালিয়ে যান এবং নিজের ইমিগ্রেশন স্ট্যাটাস সুরক্ষিত রাখেন।
মন্তব্য করুন