সরকারি সফরে বরিশালের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার পর রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বরিশালের অভিমুখে যাত্রা শুরু করেন।
প্রধানমন্ত্রীর সফর ও কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজ।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, একদিনের এই সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রী বরিশালের গৌরনদী ও সিটি করপোরেশন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ এবং স্থানীয় শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলীয় সাংগঠনিক সভায় অংশ নেবেন। কর্মসূচি শেষে আজ সন্ধ্যায়ই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখননকৃত শরিকল-বটাজোর খালপাড়ে বৃক্ষরোপণ করবেন। এরপর বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং এর সংলগ্ন সাগরনদীর তীরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড বিতরণ শেষে বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্তব্য করুন