
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর সম্প্রতি এক পডকাস্টে নিজের জীবনের এক অস্বস্তিকর ও মানসিকভাবে নাড়া দেওয়া অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি জানান, স্কুলজীবনে থাকাকালীন একটি পর্নোগ্রাফি ওয়েবসাইটে নিজের বিকৃত ছবি দেখে তিনি গভীরভাবে আতঙ্কিত হয়ে পড়েছিলেন।
জাহ্নবীর ভাষ্য অনুযায়ী, তখন তার বয়স ছিল মাত্র ১৫ বছর। আইটি ক্লাসে সহপাঠীদের মাধ্যমে তিনি প্রথম বিষয়টি জানতে পারেন। ঘটনাটি স্মরণ করে তিনি বলেন, সেই মুহূর্তে তিনি এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে পুরো শরীর কেঁপে উঠেছিল। ছবিটি আদৌ তার আসল ছিল কি না, নাকি কোনো ‘ডিপফেক’ প্রযুক্তির মাধ্যমে তৈরি, তা আজও তিনি নিশ্চিত নন। তবে তিনি মনে করেন, এটি সম্ভবত কোনোভাবে বিকৃত বা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল।

কিভাবে এলো পর্ন সাইটে জাহ্নবীর বিকৃত ছবি
এই অভিজ্ঞতা তার মানসিক স্বাস্থ্যে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে বলেও জানান অভিনেত্রী। সেই সময় তিনি কাউকে কিছু বলতে বা অভিযোগ করতে সাহস পাননি। বরং তার মনে হয়েছিল, সামাজিক মাধ্যমে উপস্থিত থাকাটাই যেন এক ধরনের ঝুঁকি।
বর্তমান সময়েও ‘ডিপফেক’ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জাহ্নবী। তিনি বলেন, এখনো সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ছবি দেখা যায়, যেগুলোর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। অনেক সময় তাকে এমন পোশাক বা ভঙ্গিমায় দেখানো হয়, যা তিনি কখনোই করেননি।
মন্তব্য করুন